গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ

সময় আর বাড়ছে না, পরবর্তী ধাপ নিয়ে কমিটির আলোচনা

ইতোমধ্যেই একবার সময় বাড়ানো হয়েছে, তাই পুনরায় সময় বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা আপাতত আমাদের নেই।

Location :

Tangail
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

মেহেদী হাসান খান সিয়াম, মাভাবিপ্রবি প্রতিনিধি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিভাগ পছন্দক্রমসহ আবেদনের সময়সীমা বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এর আগে গত ২৯ মে বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া প্রথমে ৫ জুন পর্যন্ত চলার কথা থাকলেও, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এক সপ্তাহ বাড়িয়ে ১২ জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

তবে এবার আর এই সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ জানিয়েছেন, বিভাগ পছন্দক্রমের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন তারা পরবর্তী কার্যক্রমে অগ্রসর হবেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইতোমধ্যেই একবার সময় বাড়ানো হয়েছে, তাই পুনরায় সময় বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা আপাতত আমাদের নেই। আমার ধারণা, যাদের আবেদন করা প্রয়োজন ছিল, তারা তা ইতোমধ্যেই সম্পন্ন করেছে।’

ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক আখন্দ জানান, তারা তাদের কনসালটেন্ট ও টেকনিক্যাল কমিটির সাথে আলোচনা করবেন। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে একটি সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, এ বছরও গুচ্ছ পদ্ধতিতে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে গুচ্ছের ওয়েবসাইট https://gstadmission.ac.bd/-এ