যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্যদিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এস এম আব্দুল আউয়াল, কোষাধ্যক্ষ ড. মো: শামীম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: রাশেদুল হকসহ প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
কোষাধ্যক্ষ ড. মো: শামীম আহসান বলেন, ‘বহু ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছি। তবে এখনো সর্বস্তরে বাংলা ভাষাকে পূর্ণাঙ্গ দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীদের অনেক বিষয়ে পড়াশোনায় সমস্যার সম্মুখীন হতে হয়।’
নতুন সরকারের প্রতি তিনি বাংলা ভাষাকে সর্বস্তরে দাফতরিক ভাষা হিসেবে কার্যকরভাবে প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক পরিসরে এর মর্যাদা বৃদ্ধির আহ্বান জানান।
ভিসি ড. এস এম আব্দুল আউয়াল বলেন, ‘আমরা পৃথিবীর বুকে একমাত্র জাতি, যারা ভাষার অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি এবং সেই আন্দোলনে সালাম, রফিক, জব্বার ও বরকতের মতো তরুণরা জীবন উৎসর্গ করেছেন। ভাষার জন্য এমন আত্মত্যাগ মানব ইতিহাসে বিরল।’
তিনি আরো বলেন, ‘ভাষা আন্দোলনের চেতনা আমাদের কেবল গর্বের ইতিহাস নয়, বরং দেশের সব জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও সম্মান করার নৈতিক দায়িত্বও স্মরণ করিয়ে দেয়। পাহাড়ি জনগোষ্ঠী থেকে শুরু করে সাঁওতালসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ভাষা রক্ষা ও বিকাশেও আমাদের সচেতন থাকতে হবে।’
তিনি বলেন, ‘ভাষা আন্দোলন ছিল বাঙালির অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের সূচনা, যা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের জন্য জাতিকে মানসিকভাবে প্রস্তুত করে। তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য ভাষার প্রশ্নেই প্রকটভাবে প্রকাশ পায়। একুশের চেতনা থেকেই ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন গণ-আন্দোলনের ভিত্তি রচিত হয়েছে।’
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



