বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'দেশ গড়ার পরিকল্পনা' বাস্তবায়নের লক্ষ্যে এবং জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণায় করণীয় নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসু নেতাদের সমালোচনা করে বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়েও তারা বিএনপি চেয়ারম্যানসহ সিনিয়র নেতৃবৃন্দের নামে অশ্লীল ও নোংরা স্লোগান দিয়েছে। যদি আমাদের শীর্ষ নেতার নামে এমন চলতে থাকে আমরা ছাত্রদল এককভাবে সেটি প্রতিহত করবো।
তিনি আরো বলেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ডাকসু নেতারা নিচু মানসিকতার পরিচয় দিয়েছে। যেকোনো একটা ঘটনা ঘটলে তারা রেডি হয়ে থাকে অপপ্রচারের জন্য। এতে যে প্রক্রিয়া অবলম্বন করতে হয় ছাত্রদল তা করবে। আপনাদের দায়িত্বহীন ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার বক্তব্য পরিহার করতে হবে।
সভায় বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। সভায় কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ হারুন অর রশিদ এবং ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।
রাকিব বলেন, তারেক রহমান শতাধিক সামাজিক কাজকে একটি কার্ডের আওতায় আনছেন। সেটিই ফ্যামিলি কার্ড।তারা প্রশ্ন করে তারেক সাহেবের পরিকল্পনা নিয়ে এবং বলে সব পরিকল্পনা তো বাজেটের সাথে সাংঘর্ষিক। কিন্তু তারা জনেই না দেশে একশত ত্রিশের অধিক সামাজিক কর্মসূচি রয়েছে। গত ১ বছর যাবৎ বিশ্লেষন করে তারেক রহমান এসব পরিকল্পনা সাজিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসলে সেটার রূপরেখা দেশবাসী জানবে।



