৫ দফা দাবিতে ডাকসুর ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের বিচারে প্রভোস্টের অপসারণসহ ৫ দফা দাবিতে ঢাবি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ডাকসু।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রভোস্টের অপসারণসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার ডাকসু নেতৃবৃন্দ এবং বেশিভাগ হল সংসদের ভিপি, জিএস ও এজিএসের স্বাক্ষরসম্বলিত পাঁচ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (প্রশাসন) এবং প্রক্টরিয়াল বডির সাথে বৈঠক হয়। বৈঠকে এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেয়া হয়।

ডাকসু নেতৃবৃন্দ জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর সুরাহা না হলে ডাকসুর পক্ষ থেকে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

ডাকসুর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ফজলুল হক মুসলিম হলে প্রভোস্ট কর্তৃক ছাত্র নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রভোস্টকে অবিলম্বে অপসারণ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নির্যাতনের শিকার শিক্ষার্থীসহ নির্যাতনের বিচারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের দেয়া শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহার, প্রভোস্টের কক্ষের সিসিটিভি ফুটেজ প্রকাশ, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করা, শাহবাগ থানার অভ্যন্তরে মব সৃষ্টি করে ডাকসু, হল সংসদ ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অবিলম্বে প্রকাশ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

ডাকসু নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ওপর নির্যাতন, হামলা কিংবা হয়রানির ঘটনায় প্রশাসনের কোনো ধরনের কালক্ষেপণ গ্রহণযোগ্য নয়। পাঁচ দফা দাবির বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে তারা পরবর্তী কর্মসূচি হিসেবে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেবেন।