বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রোভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার ও রেডিওলজি বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর এই আদেশ প্রদান করেন। এর মাধ্যমে ডা: মো: নজরুল ইসলাম অধ্যাপক ডা: মো: শাহিনুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়। প্রোভাইস চ্যান্সেলর (প্রোভিসি) পদে বর্তমানে কর্মরত পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন তিনি।
তা ছাড়া বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর অধ্যাপক মো: নজরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে নিয়োগ পান।
অধ্যাপক মো: নজরুল ইসলাম একজন বিশিষ্ট রেডিওলজিস্ট। তিনি এমবিবিএস করেন বরিশাল মেডিক্যাল কলেজ থকে। রেডিওলজির ওপর এরপর তিনি এফসিসিপিএস, এমডি, এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি মূলত একজন নিউরো রেডিওলজিস্ট।
ইনডেক্সড জার্নালে ১১টি গবেষণা প্রকাশিত হয়েছে। তা ছাড়া নন-ইনডেক্সড জার্নালে তার গবেষণার সংখ্যা ২৩টি।


