উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানী মিরপুর রূপনগর আবাসিক এলাকার আরামবাগ ঈদগাহ মাঠে দিনব্যাপী এই আয়োজনে মাদরাসার ৩৪৫ জন শিক্ষার্থী বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মাঠজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও সুনিপুণ প্যারেড প্রদর্শন করে, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও উদ্বোধন ঘোষণা করেন তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা, মিরপুর শাখার শাখা প্রধান সাইফুল ইসলাম। তিনি বলেন, একটানা পড়াশোনার চাপ ও একগুঁয়েমি দূর করে শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতেই প্রতিবছর নিয়মিতভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয় এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন মু রাশিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। শিক্ষার্থীদের সুস্থ, নৈতিক ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পড়াশোনা ও খেলাধুলার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য করে তুলতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি তানযীমুল উম্মাহতে সন্তানদের ভর্তি করানোর জন্য অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মনিরুল ইসলাম মৃধা, আরামবাগ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আহাদ আরিফ, নির্বাহী সদস্য মনিরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা, মিরপুরের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আলাউদ্দিন আযাদ, তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা মিরপুর শাখার শাখা প্রধান মো: শরিফুল ইসলাম, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মিরপুর শাখার শাখা প্রধান মো: ফুয়াদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন উবাইদুল্লাহ ও রায়হানুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন নাজেমে তালিমাত মো: সানাউল্লাহ।
শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি প্রায় ৬০০ জনেরও বেশি অভিভাবকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।
ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ৮০ মিটার দৌড়, অঙ্ক দৌড়, চকলেট দৌড়, দড়ি লাফ, চেয়ার সিটিং, পিলো পাসিংসহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে মাঠজুড়ে অভিভাবকদের করতালি ও আনন্দধ্বনি ছিল চোখে পড়ার মতো।
দিনের শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরো জোরদার করা হবে।



