সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার কিংবা আপত্তিকর পোস্ট করা থেকে বিরত থাকতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একইসাথে এ ধরনের পোস্টদাতা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দফতর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য, কটূক্তি ও অপপ্রচারমূলক পোস্ট করছেন বা সেগুলো শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
অধিদফতর জানায়, সরকারি প্রতিষ্ঠানের বেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলকভাবে প্রযোজ্য।
এতে আরো বলা হয়, এ নির্দেশিকা লঙ্ঘন সরকারি চাকরি বিধির সুস্পষ্ট পরিপন্থী এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণ হিসেবে গণ্য হবে।
যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কটূক্তি, অপপ্রচার বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
একইসাথে নেয়া পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে। বাসস



