রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অবস্থিত বাংলা টিফিন ক্যান্টিনের খাবারে ভেজাল মেশানোর অভিযোগে আব্দুর রাজ্জাক (৩৬) নামে এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে রুয়েট ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়।
ক্যান্টিন কর্তৃপক্ষ জানায়, ওই কর্মচারী খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশানোর সময় সিসিটিভি ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। বিষয়টি নজরে আসার পর ক্যান্টিন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বাংলা টিফিনের মালিক মোর্শেদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে কাজলা শাখায় সুনামের সাথে সেবা দিয়ে আসছি। তবে রুয়েট শাখার খাবারে মাছি পাওয়া, স্বাদের অসঙ্গতিসহ বিভিন্ন সমস্যার কারণে আমাদের সেবার মান নিয়ে প্রশ্ন উঠছিল। এসব সমস্যা সমাধানে নজরদারি বাড়ানোর পর আজকের ঘটনাটি ধরা পড়ে। আমরা ধারণা করছি, আমাদের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এ কাজটি করা হয়েছে।
তিনি বলেন, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুয়েট সংলগ্ন কাজলা এলাকার একটি রেস্তোরাঁর শেয়ারহোল্ডার। এ ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে আমরা সন্দেহ করছি।
মতিহার থানার এসআই জাকারিয়া জানান, অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযুক্ত আব্দুর রাজ্জাককে হেফাজতে নিয়েছি। অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



