বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিসট্যামে (আইইএলটিএস) রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে বাকৃবি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে এখন থেকে বাকৃবির শিক্ষার্থীসহ ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীরা এখানে এসে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
শনিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রহ্মপুত্র নদের তীরে বিশ্ববিদ্যালয়ের ডে কেয়ার সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো: শহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে উৎসাহিত করতে আমরা বিশেষ সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করব। পাশাপাশি কেবল আমাদের বিশ্ববিদ্যালয়ই নয়, বরং সমগ্র ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীরা যেন এখানে এসে পরীক্ষায় অংশ নিতে পারে সে লক্ষ্যে আমাদের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।’
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘এ রেজিস্ট্রেশন সেন্টারের প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। কারণটি হলো আমাদের পরীক্ষার নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এ নিরাপত্তা বজায় রাখতে না পারি এবং মানুষ যদি এর ওপর আস্থা হারিয়ে ফেলে, তবে পুরো প্রক্রিয়াটিই ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি আরো বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষাকে উৎসাহিত করে, তবে কেবল আমাদের মাতৃভাষা হিসেবে নয় বরং আন্তর্জাতিক যোগাযোগ, শিক্ষা ও গবেষণার মাধ্যম হিসেবে। আমরা ইংরেজিকে সর্বজনীন জ্ঞান অর্জনের একটি সেতুবন্ধন মনে করি। পাশাপাশি আমরা মাতৃভাষা ও অন্য ভাষাকেও সমানভাবে সম্মান করি এবং প্রতিবছর বাংলাদেশের সাথে মিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি।’
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আমি প্রত্যাশা করি ব্রিটিশ কাউন্সিল ও আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই সম্পর্ক গড়ে উঠবে। আজ আমরা আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপন দিয়ে এই যাত্রা শুরু করছি এবং আমি নিশ্চিত যে ভবিষ্যতে আমরা একসাথে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পাব।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: সামছুল আলম, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: বাহানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের এবং ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তারা।



