গাকৃবিতে ‘জিএইউ ধান ৪’ নিয়ে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

দেশের কৃষি উৎপাদনকে আধুনিক ও টেকসই করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের উদ্ভাবিত নতুন আউশ ধানের জাত ‘জিএইউ ধান ৪’-এর উৎপাদন কৌশল এবং বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
উৎপাদন কৌশল ও বীজ বিতরণ কর্মসূচি
উৎপাদন কৌশল ও বীজ বিতরণ কর্মসূচি |নয়া দিগন্ত

দেশের কৃষি উৎপাদনকে আধুনিক ও টেকসই করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের উদ্ভাবিত নতুন আউশ ধানের জাত ‘জিএইউ ধান ৪’-এর উৎপাদন কৌশল এবং বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে গাকৃবির বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর সদর উপজেলার প্রায় ৪০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

উদ্ভাবক প্রফেসর ড. এম ময়নুল হক ও প্রফেসর ড. মো: মসিউল ইসলামের নেতৃত্বে উদ্ভাবিত এ ধানটি স্বল্পমেয়াদি, উচ্চফলনশীল ও চিকন শীষের। গবেষণার ফল কৃষকের মাঠে পৌঁছে দিতেই এই আয়োজন।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের সহযোগী পরিচালক প্রফেসর ড. মো: মামুনুর রহমান।

ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ বলেন, ‘গবেষণা তখনই সফল, যখন এর সুফল কৃষকের হাতে পৌঁছায়। ‘জিএইউ ধান ৪’ শুধু একটি নতুন জাত নয়, এটি খাদ্য নিরাপত্তায় সম্ভাবনাময় পদক্ষেপ।’

তিনি পানি ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় সচেতন কৃষি চর্চার আহ্বান জানান।

প্রশিক্ষণের দ্বিতীয় পর্বে প্রফেসর ড. মো: মসিউল ইসলাম ধানটির উৎপাদন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ড. এম. ময়নুল হক উদ্ভাবন প্রক্রিয়া ও বৈজ্ঞানিক গুরুত্ব তুলে ধরেন। পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ‘জিএইউ ধান ৪’-এর বীজ বিতরণ করা হয়।

কৃষকরা নতুন এই জাত চাষে অধিক ফলন ও উন্নত মানের চাল উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন।