উচ্চশিক্ষার মানোন্নয়নে ভিসিদের নীতিনির্ধারণী সংলাপ শুরু শুক্রবার

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা ও বৈশ্বিক প্রতিযোগিতার বিপরীতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরো উদ্ভাবনী, জবাবদিহিমূলক ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) |সংগৃহীত

দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব ও সুশাসন শক্তিশালী করার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ভিসিদের সাথে জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ।

শুক্রবার (২১ আগস্ট) সাভারে দুই দিনব্যাপী এ সংলাপ শুরু হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় সাভারের ব্র্যাক সিডিএম-এ এ সংলাপ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইউজিসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা ও বৈশ্বিক প্রতিযোগিতার বিপরীতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরো উদ্ভাবনী, জবাবদিহিমূলক ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন ভিসি ছাড়াও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, দেশী-বিদেশী শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন, পাঠদানের উৎকর্ষ, মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিকীকরণ, গবেষণা, উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা, আর্থিক ব্যবস্থাপনা, কারিকুলাম সংস্কার ও শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির ওপর বিস্তারিত আলোচনা হবে।

সংলাপের প্রথম দিনে বেলা ১১টায় উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সাথে মতবিনিময় পর্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকবেন।

দ্বিতীয় ও শেষ দিন ২২ আগস্ট বিকেল ৩টায় সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

সংলাপ থেকে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশগুলো ভবিষ্যতে হিট প্রকল্পের উদ্যোগ এবং দেশের উচ্চশিক্ষার টেকসই রূপান্তর কার্যক্রমে বাস্তবায়নের জন্য সংকলন করা হবে বলে জানিয়েছে ইউজিসি। বাসস