বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি রাতুল, সাধারণ সম্পাদক মাহদী

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাতুল সাহা ও সাধারণ সম্পাদক পদে মো. মাহদী হাসান চৌধুরী।

শেফাক মাহমুদ, বুটেক্স

Location :

Dhaka
বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি রাতুল, সাধারণ সম্পাদক মাহদী
বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি রাতুল, সাধারণ সম্পাদক মাহদী |নয়া দিগন্ত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাতুল সাহা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মাহদী হাসান চৌধুরী।

নির্বাচিত সভাপতি রাতুল সাহা ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মাহদী হাসান চৌধুরী একই ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিক সমিতির কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সমিতির দায়িত্ব হস্তান্তর ও ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন, আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম, এমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. রাসেল আহমেদ, এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ এবং দৈনিক সমকালের সিনিয়র সাব-এডিটর মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানের শেষ পর্বে নির্বাচন কমিশন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ ফরহাদ হোসেনের অনুপস্থিতিতে সহকারী নির্বাচন কমিশনার ড. মো. মুরাদ আহমেদ এবং মো. সোহাগ বাবু এই ফলাফল ঘোষণা করেন। এছাড়া সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

নবনির্বাচিত পরিষদে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আলভী আহমেদ; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. তারেক রহমান ও প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মো. রাফি সারোয়ার; দপ্তর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের শেফাক মাহমুদ; অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে এশিয়া পোস্টের প্রতিনিধি নাজমুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে খবর প্রতিদিনের প্রতিনিধি মো. শাহরিয়ার ইসলাম।

আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসনের দর্পণ হিসেবে কাজ করছে এই সংগঠন।’

তিনি সাংবাদিকদের তথ্য যাচাইপূর্বক সংবাদ প্রকাশ ও সাধারণ শিক্ষার্থীদের দর্পণ হিসেবে কাজ করার উপদেশ দেন। তিনি নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান ও সমিতির সাফল্য কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুষ্ঠু নির্বাচনের প্রশংসা করেন ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান। তিনি নতুন কমিটিকে শিক্ষার্থী কল্যাণমূলক কাজে অনুপ্রেরণা দেন ও সত্যকে তুলে ধরার আহ্বান জানান।

আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম নতুন কমিটিকে স্বাগত জানান। এ সময় সাংবাদিকদের তিনি 'বুটেক্সের বিবেক' বলে আখ্যায়িত করেন। নতুন কমিটিকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি রাতুল সাহা বলেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় ও সবার সমর্থনে আমি সভাপতির দায়িত্ব পেয়েছি। গঠনমূলক সাংবাদিকতার চর্চা এবং ভুল তথ্য ও অপসাংবাদিকতা প্রতিরোধের মাধ্যমে বুটেক্স সাংবাদিক সমিতিকে শিক্ষার্থীদের আস্থার প্ল্যাটফর্মে পরিণত করতে কাজ করব। এ বিষয়ে আমি সমিতির সকল সাধারণ সদস্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদয় সহযোগিতা কামনা করছি।’

সাধারণ সম্পাদক মো. মাহদী হাসান চৌধুরী জানান, ‘বুটেক্সসাসের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আমি গভীর কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ অনুভব করছি। বিশ্ববিদ্যালয়ে আসার পর গত প্রায় তিন বছর ধরে এই সমিতির সাথে যুক্ত থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। এই সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমার শেখা, বেড়ে ওঠা এবং দায়িত্ববোধ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সবার সহযোগিতা নিয়ে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, দায়িত্বশীল ও কার্যকর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

নির্বাচিত সহ-সভাপতি আলভী আহমেদ জানান, ‘আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আমাকে এত বড় সাফল্য দেওয়ার জন্য। পাশাপাশি সমিতির সদস্যদের ধন্যবাদ আমার প্রতি আস্থা রাখার জন্য। ইনশাআল্লাহ দায়িত্ব গ্রহণের পরপরই আমরা ইশতেহার অনুযায়ী আমাদের কার্যক্রম শুরু করে দেব এবং যতদিন দায়িত্বে আছি আমাদের সাংবাদিক সমিতির যে স্লোগান 'সত্য এবং ন্যায়ের পথে অবিচল', সে স্লোগানকে সামনে রেখে কাজ করে যাব ইনশাআল্লাহ।’