জকসুর ক্রীড়া সম্পাদককে চড় মারলেন ছাত্রদল নেত্রী

বুধবার (২৯ এপ্রিল) আন্তঃবিশ্ববিদ্যালয় ৮ম ইনডোর গেমস বাছাই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

নুর আলম, জবি সংবাদদাতা
ভুক্তভোগী জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস ও অভিযুক্ত ছাত্রদল নেত্রী নেলি
ভুক্তভোগী জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস ও অভিযুক্ত ছাত্রদল নেত্রী নেলি |নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে চড় মারার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলির বিরুদ্ধে।

বুধবার (২৯ এপ্রিল) আন্তঃবিশ্ববিদ্যালয় ৮ম ইনডোর গেমস বাছাই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম বলেন, ক্যারাম বোর্ড খেলা ঘিরে ঘটনার সূত্রপাত হয়। খেলাটির ফাইনালে দুটি দল ওঠে। নিয়ম অনুযায়ী একই বিভাগের দুটি দল ফাইনালে অংশ নিতে পারে না। এ অবস্থায় তিনি ক্রীড়া কমিটির সদস্যদের সাথে আলোচনা করে উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রস্তাব দেন। কিন্তু এ সময় সাদিয়া সুলতানা নেলি খেলা ছাড়াই চ্যাম্পিয়ন ঘোষণা করার দাবি জানান এবং তা না হলে ভিসিকে ফোন দেয়ার হুমকি দেন। এক পর্যায়ে তিনি তাকে চড় মারেন বলে অভিযোগ করেন নাঈম।

অন্যদিকে, অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ক্রীড়া সম্পাদককে চড় মারার বিষয়টি স্বীকার করেন। ওই পোস্টে তিনি ক্রীড়া সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলে লেখেন, “মিস্টার জর্জিস আনোয়ার নাঈম (ক্রীড়া সম্পাদক, জকসু) ভবিষ্যতে খেলায় স্বজনপ্রীতি করলে এর চেয়েও বেশি থাপ্পড় খাবেন । এখন তো শুধু একটি দিয়েছি।” একই সাথে দুটি দলকে একসাথে চ্যাম্পিয়ন করার চেষ্টা করা হচ্ছিল বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় নিন্দা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শক্তির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, জকসুর ক্রীড়া সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা নিন্দনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান তিনি।

ঘটনার নিন্দা জানিয়ে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদককে শিক্ষকদের সামনেই আঘাত করেছেন ছাত্রলীগ থেকে পুনর্বাসিত ছাত্রদল নেত্রী নেলি। এর আগেও বিভিন্ন ক্যাম্পাসে তারা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে। মূলত এভাবেই একের পর এক অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করা হচ্ছে সারা দেশে।আমরা ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেছি। অতি দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।