ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচিত কার্যকরী কমিটির এক বছর পূর্তি উপলক্ষে গত এক বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরেছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) মো: আবু সাদিক কায়েম।
তিনি বলেছেন, ‘আমরা দেখিয়েছি, ছাত্রসংসদ মানে ক্ষমতা নয়, সেবা; আধিপত্য নয়, প্রতিনিধিত্ব, ভয় নয়, স্বাধীনতা।’
বুধবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘সহযোদ্ধাদের অকল্পনীয় পরিশ্রম, দেশ ও প্রবাসের শুভানুধ্যায়ীদের বুক উজাড় করে দেয়া ভালোবাসা এবং জায়নামাজে লাখ লাখ মা-বাবার কান্নাজড়ানো দোয়ার বরকতে শিক্ষার্থীদের অকুণ্ঠ সমর্থন লাভ করেছিলাম আমরা।’
তিনি বলেন, ‘নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতা পেরিয়ে আপনাদের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসায় বিগত এক বছরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত রেখেছি। একইসাথে সারাদেশের শিক্ষার্থীসমাজ তথা দেশবাসীর অধিকার ও কল্যাণের প্রশ্নে সর্বদা সরব থেকেছি।’
ডাকসুর কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাধাবিপত্তি ও আঘাত সয়ে আমরা ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি। বন্ধ হয়েছে গণরুম-গেস্টরুমের মতো দীর্ঘদিনের নিপীড়নমূলক সংস্কৃতি ফেরার পথ।’
তিনি আরো বলেন, ‘পরিবহন, উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্যসেবা এবং হলে পড়াশোনার পরিবেশ উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছে ইতিবাচক রূপান্তরের সূচনা।’
ডাকসুর ভূমিকা তুলে ধরে সাদিক কায়েম বলেন, ‘আমরা দেখিয়েছি, ছাত্রসংসদ মানে ক্ষমতা নয়, সেবা; আধিপত্য নয়, প্রতিনিধিত্ব, ভয় নয়, স্বাধীনতা।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব শান্তিপূর্ণ স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার এই অগ্রযাত্রায় আপনারা প্রত্যেকেই একজন গর্বিত অংশীদার।’
ডাকসুর এক বছরের পথচলায় পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন ও ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় গড়ে উঠুক ইনসাফের বাংলাদেশ- সেই প্রত্যাশায়।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০২৫ সালের কার্যকরী কমিটির নির্ধারিত এক বছরের মেয়াদ বুধবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নিরঙ্কুশ জয়লাভ করে। এতে মো: আবু সাদিক কায়েম ভিপি এবং এস এম ফরহাদ জিএস নির্বাচিত হন।



