প্রথমবারের মতো দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। এবারই প্রথম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাবির ভিসি কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ প্রস্তাব আনা হয়েছে।
রাবির জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক কামরুজ্জামান বলেন, ভর্তি উপ-কমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এ সাত শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ বিভাগেও ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টা বিবেচনা করেছে ভর্তি উপ-কমিটি। আজ ভর্তি উপ-কমিটির দ্বিতীয় সভায় এ বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপ-কমিটি। ৮ জানুয়ারি (২০২৭) ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে ভর্তি উপ-কমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ। ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপ-কমিটি। বাসস



