পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে মুশফিকুর রহমান তুহিন নামে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে ১৭ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ১৮ ব্যাচের সব ছেলে শিক্ষার্থীকে বিকেল সাড়ে ৩টার মধ্যে বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে উপস্থিত হতে নির্দেশ দেন।
নবীন শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হলে ১৭ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন ভুল ধরতে থাকেন এবং অভিযোগ তুলে তাদের সাথে উচ্চস্বরে কথা বলেন, গালাগাল করেন এবং মানসিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে।
একপর্যায়ে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন মুশফিক। তিনি প্রচুর ঘামতে থাকেন এবং প্যানিক অ্যাটাক করেন। প্রথমদিকে সিনিয়ররা বিষয়টি সিরিয়াসলি নেননি। পরে তার অবস্থার আরো অবনতি হলে রাত ৮টার দিকে তাকে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক র্যাগিংয়ের ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশকে খবর দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা পাবনা সদর হাসপাতালে উপস্থিত হন। শিক্ষার্থীর অবস্থার উন্নতি না হলে রাত ১১টায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ১৮ ব্যাচের একাধিক নবীন শিক্ষার্থী জানান, সিনিয়ররা তাদের মেসে ডেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং মানসিক চাপ সৃষ্টি করেন। তবে শারীরিকভাবে কাউকে নির্যাতন করা হয়নি। মুশফিক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ থাকায় মানসিক চাপের কারণে আরো অসুস্থ হয়ে পড়েন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সিনিয়র ব্যাচের একাধিক শিক্ষার্থীর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ‘আমরা হাসপাতালে এসে প্রাথমিকভাবে র্যাগিংয়ের ঘটনার সত্যতা পেয়েছি। বুধবার সকাল ১০টায় এ বিষয়ে জরুরি সভা ডাকা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’



