রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কেন্দ্রে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতির হার ছিল ৬৪ দশমিক ২৭ শতাংশ।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১, অ্যাকাডেমিক ভবন-২ এবং ভোয়াল্ল্যা ও মোনঘর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় এক হাজার ৭৮০ পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ১৪৪ জন উপস্থিত ছিলেন এবং ৬৩৬ জন অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালে ভিসি প্রফেসর ড. মো: আতিয়ার রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, জিএসটি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং প্রক্টর ড. মো: ফখরুদ্দিন উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ভিসি ড. মো: আতিয়ার রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।’
তিনি জানান, পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর ছিলেন। রাঙ্গামাটি পুলিশ বিভাগের সহযোগিতায় কেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার রাখা হয়, ফলে কোথাও যানজট বা বিঘ্নের সৃষ্টি হয়নি।
ভিসি বলেন, ‘পরীক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা হয় এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়।’
এতে শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, পৌরসভা, পরিবহন ও হোটেল মালিক সমিতি ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
উল্লেখ্য, দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



