ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ‘ক্যারিয়ার হাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসডিপি) আওতায় এ হাব প্রতিষ্ঠা করা হবে বলে জানান তারা।
এ লক্ষ্যে আগামী ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের মধ্যে চূড়ান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে।
জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক আলোচনা হয়। আলোচনার পর কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তাবিত ক্যারিয়ার হাবের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
এ সময় ইবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমতাজ হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার আলিউল আজিম।
এর আগে ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনে বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের লক্ষে সাত সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থনীতি বিভাগের প্রফেসর ড. কাজী মোস্তফা আরিফকে কমিটির আহ্বায়ক এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. জাহিদুল ইসলামকে সদস্যসচিব করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ক্যারিয়ার হাবটি শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করবে। এখানে ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা ও ব্যক্তিত্ব মূল্যায়ন, সিভি ও কভার লেটার তৈরি, চাকরির আবেদন এবং সাক্ষাৎকারের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
এ ছাড়া ভাষা ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনা এবং উদ্যোক্তা হওয়ার বিষয়ে পরামর্শ দেয়া হবে। বিভিন্ন নিয়োগদাতা ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কেওয়াইই সেশন, ক্যারিয়ার এক্সপো, শিল্পপ্রতিষ্ঠষ্ঠান পরিদর্শন ও মক ইন্টারভিউ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
একই সাথে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার বিষয়টিও প্রস্তাবিত ক্যারিয়ার হাবের কার্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



