সমকামিতার অভিযোগে ডুয়েটের ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, স্থায়ী বহিষ্কারের দাবি

অভিযুক্ত ওই শিক্ষার্থীদের বিচার এবং বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
তাদের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা
তাদের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

সমকামিতার সাথে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষার্থীদের বিচার এবং বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ঘটনা তদন্তে একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ক্যাম্পাসে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- রাসেল মিয়া, মাসুদ, সৌরভ শিকদার, রায়হান আলী ও সারোয়ার জাহান সুমন। তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের তিনজন এবং শহীদ তাজউদ্দীন আহমদ (এসটিএ) হলের দু’জন ছাত্র রয়েছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের বিরুদ্ধে সমকামিতায় জড়িত থাকার অভিযোগ এনে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই পাঁচ ছাত্রকে হল থেকে সাময়িক বহিষ্কার করেন কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা জানান, বিগত দিনে ডুয়েটে অনৈতিক কর্মকাণ্ড (সমকামিতা) ছড়িয়ে দেয়া হয়েছিল। মাত্র পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু হাতেনাতে ধৃত এক শিক্ষার্থীর স্বীকারুক্তি অনুযায়ী ডুয়েটের হলে ৩০-৪০ জন সমকামী রয়েছেন। এদের শধু হল থেকে নয়, স্থায়ী বহিষ্কার করতে হবে। এছাড়া সিনেটে আইন পাস করে তাদের বহিষ্কারসহ উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে।

ডুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পাঁচ ছাত্রের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পাওয়া যায়। বিষয়টির সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো। তদন্তে সমকামিতা প্রমাণ হলে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।‘