গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করার লক্ষ্যে উদ্যোক্তা মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মেলা অনুষ্ঠিত হয়।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের আয়োজনে এ উদ্যোক্তা মেলায় মোট ২২টি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের সৃজনশীলতা প্রদর্শন করেন।
দুপুরে ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উদ্যোক্তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তরুণ উদ্যোক্তাদের সাথে ব্যবসার নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্যোক্তা মেলার আহ্বায়ক ড. দিপংকর কুমার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মাদ আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো: কামরুজ্জামান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো: সোলাইমান হোসাইন, আইন অনুষদের ডিন মানসুরা খানম, অ্যানিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মো: মাহবুব হাসান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক মো: বদরুল ইসলাম প্রমুখ।
এছাড়া বিকেলে উদ্যোক্তা মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



