পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সাংবাদিক সমিতি।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে গোবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এশিয়া পোস্টের প্রতিনিধি ও গোবিপ্রবি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের পরিচালনায় সমিতির সভাপতি ও সংবাদের প্রতিনিধি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের প্রতিনিধি নাঈম আশরাফ, কালবেলার প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক বাংলার প্রতিনিধি শাকিল আহমেদ, দৈনিক সকালবেলার প্রতিনিধি ইসতিয়াক আহমেদ আসিফ, শেয়ারবিজ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল রাফি প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি রাসেল হোসেন বলেন, গত বৃহস্পতিবার শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক সহকর্মী ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রদলের ন্যক্কারজনক হামলার শিকার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কাজ করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সম্প্রতি ক্ষমতাসীন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলা করলো। যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ ঘটনায় তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করার পাশাপাশি, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন হামলা শুধু দুঃখজনকই নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের ওপর জোর দাবি জানাচ্ছি।
দ
সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: নাঈম আশরাফ খাঁন বলেন, গত ২৩ এপ্রিল শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় ডুজার সদস্যদের উপর ছাত্রদল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে আমরা একত্রিত হয়েছি। সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সত্য তুলে ধরে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। অথচ সেই সত্য প্রকাশের পথেই যদি তাদের ওপর হামলা চালানো হয়, তাহলে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, এটি পুরো গণতন্ত্রের ওপর আঘাত। এই হামলার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে ভবিষ্যতে যেন সাংবাদিকরা নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ।



