সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়সহ নেপালের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য ঘোষিত স্কলারশিপের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

Location :

Gazipur
বক্তৃতা দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ
বক্তৃতা দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ |নয়া দিগন্ত

গাজীপুর মহানগর প্রতিনিধি
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ‘বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।’

বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নেপালের কাঠমান্ডুর ধুমবারাহিতে অবস্থিত ন্যাশনাল কলেজে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ‘এ উদ্যোগ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা সহযোগিতাকে আরো শক্তিশালী করবে।’

ড. আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এবং আড়াই হাজারের বেশি কলেজ নিয়ে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় ৫০টি বিষয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী এ বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি অন্যতম প্রধান বিষয়।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক শিক্ষার্থী মানসিক আঘাত ও ট্রমার মধ্য দিয়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, দক্ষ কাউন্সেলিং ব্যবস্থা এবং পর্যাপ্তসংখ্যক পেশাদার সাইকোলজিস্ট তৈরি এখন সময়ের অপরিহার্য দাবি ‘

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে বর্তমানে কাউন্সেলিং, অ্যাপ্লাইড ও সোশ্যাল সাইকোলজিস্টের তীব্র সঙ্কট রয়েছে। বর্তমান চাহিদা পূরণে অন্তত ৩০ হাজার সাইকোলজিস্ট প্রয়োজন হলেও কর্মরত রয়েছেন মাত্র প্রায় ৩০০ জন। এ সঙ্কট দূর করতে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে কাউন্সেলিং সেবা চালু এবং প্রয়োজনীয় দক্ষ সাইকোলজিস্ট তৈরির উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।

ভিসি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, অ্যাকাডেমিক বিনিময় এবং মানসিক স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচিতে অংশীদারিত্ব গড়ে তুলতে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে এবং শিগগিরই মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভিসি কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়সহ নেপালের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য ঘোষিত স্কলারশিপের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান এবং বাংলাদেশ-নেপাল শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে সার্ক মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শফিকুর রহমান, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. অচ্যুত ওয়াগল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দফতরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, গবেষক ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।