ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগীয় সভাপতি নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনরত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালা দেয়া এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে অসদাচরণের ঘটনা তদন্তে ভাইস চ্যান্সেলর (ভিসি) এ কমিটি গঠন করেছেন। কমিটিকে ঘটনার কারণ উদ্ঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ ও শাস্তি নির্ধারণের বিষয়ে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. এমতাজ হোসেনকে। সদস্যসচিব রেজিস্ট্রার শাখার উপ-রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম রিপু। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিভাগটির সভাপতি হিসেবে নিজ বিভাগের শিক্ষক নিয়োগের দাবিতে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দু’টি গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদের সাথে কথা বলতে গেলে একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।



