নির্বাচনের ১০ মাস পরও শপথ হয়নি রাবির ৫ সিনেট সদস্যের

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হলেও প্রায় ১০ মাসেও তাদের শপথ ও সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়নি।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
নির্বাচনের ১০ মাস পরও শপথ হয়নি রাবির ৫ সিনেট সদস্যের
নির্বাচনের ১০ মাস পরও শপথ হয়নি রাবির ৫ সিনেট সদস্যের |নয়া দিগন্ত

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হলেও প্রায় ১০ মাসেও তাদের শপথ ও সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়নি।

ফলে ভোটে নির্বাচিত পাঁচ শিক্ষার্থী এখনো আনুষ্ঠানিকভাবে সিনেটের কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ পাননি। এতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২৫ সালের ১৮ অক্টোবর অনুষ্ঠিত রাকসু ও সিনেট শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে পাঁচজন শিক্ষার্থী সিনেট সদস্য নির্বাচিত হন। তারা হলেন—সালাহউদ্দীন আম্মার, মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব ও সালমান সাব্বির। নির্বাচনের পর দ্রুত শপথ ও সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা থাকলেও প্রায় ১০ মাসেও তা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সিনেটের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মে। এরপর দীর্ঘ সময় নিয়মিত অধিবেশন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরামটি কার্যত নিষ্ক্রিয় রয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সিনেট সক্রিয় হওয়ার প্রত্যাশা তৈরি হলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি।

রাকসু ভিপি ও সিনেট সদস্য মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘এত শিক্ষার্থীর ভোটে সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরও এখন পর্যন্ত আমাদের শপথ পড়ানো হয়নি। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হলেও সিনেট অধিবেশন আয়োজনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।’

রাকসু এজিএস ও সিনেট সদস্য সালমান সাব্বির বলেন, ‘রাকসু নির্বাচনের মাধ্যমে পাঁচজন শিক্ষার্থী সিনেট সদস্য নির্বাচিত হলেও এখন পর্যন্ত সিনেট কার্যকরের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। প্রশাসনের সাথে একাধিকবার কথা বলেও বিষয়টির সমাধান হয়নি।’

তিনি আরো বলেন, ‘সিনেট বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম। এটি কার্যকর হলে বাজেটসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিনেটের ভূমিকা থাকবে। তাই সিনেট কার্যকর না হওয়া প্রশাসনের সদিচ্ছার অভাবেরই প্রকাশ।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘সিনেট কার্যকরের বিষয়টি আমরা চিন্তাভাবনায় রেখেছি। কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। সেগুলো সমাধান করে যত দ্রুত সম্ভব সিনেটের কার্যক্রম শুরু করার চেষ্টা করছি।’

কত দিনের মধ্যে অধিবেশন হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচিত সিনেট সদস্যরা যেন তাদের দায়িত্বকালে অন্তত একটি সিনেট অধিবেশন করতে পারেন, আমরা সেদিকেই তাগাদা দিচ্ছি।’

ফলে দীর্ঘ বিরতির পর শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সিনেটে যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রায় ১০ মাসেও শপথ ও অধিবেশন না হওয়ায় তা এখনো বাস্তবে রূপ নেয়নি।