বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম. আমজাদ হোসেন।
বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত উপ-সচিব আবু সালেহ মো: মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. আমজাদ হোসেনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য পদে সানুগ্রহে নিয়োগ প্রদান করা হলো।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ (পাঁচ) বছর বা তার বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করবেন।
পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পেয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. এম. আমজাদ হোসেন বলেন, ‘আমি যে দায়িত্ব নিতে যাচ্ছি, তা যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারি- সেজন্য সবার দোয়া কামনা করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় আনন্দের বিষয়।’
তিনি আরো বলেন, ‘উনি যেহেতু রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, তাই পিএসসি সদস্য হিসেবে শপথ নেয়ার আগ পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করবেন। আমরা দ্রুতই জরুরি সিন্ডিকেট সভায় অবশিষ্ট নির্বাচন কমিশনারদের মধ্য থেকে কাউকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবো।’



