তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং শৃঙ্খলাবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।’

নিজস্ব প্রতিবেদক
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মিরপুর শাখার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মিরপুর শাখার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান |নয়া দিগন্ত

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিরপুর আরামবাগ ঈদগাহ মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ প্যারেড প্রদর্শনী, শিল্পীদের কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং তানযীম সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়। পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ ও শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে দৌড়, গোলক নিক্ষেপ, বেলুন ফুটানো, ক্রিকেট, বল নিক্ষেপ, মেধা যাচাই, ব্যাঙলাফ, বস্তাদৌড়, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, অঙ্কদৌড়, মার্বেল দৌড়সহ মোট ২১টি গ্রুপে ৪৮টি বিনোদনমূলক ও ঐতিহ্যবাহী দেশীয় খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং মাঠজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন মু রাশেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক ডিএমডি মোশাররফ হোসাইন, ফাউন্ডেশনের অন্যতম ডিরেক্টর সাইদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর দাখিল শাখার প্রিন্সিপাল আলাউদ্দিন আল আযাদ, মোহাম্মদপুর শাখার প্রধান ইলিয়াস হোসাইন, মিরপুর অনাবাসিক শাখার প্রধান দিদারুল আলম, মিরপুর প্রি-হিফয শাখার প্রধান শরিফুল ইসলাম, মিরপুর গার্লস শাখার প্রধান সাইফুল ইসলাম এবং মিরপুর শাখার প্রধান ফুয়াদুল ইসলামসহ ফাউন্ডেশনের বিভিন্ন শাখার দায়িত্বশীল ব্যক্তিরা।

বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং শৃঙ্খলাবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।