নারী শিক্ষার্থীদের জন্য পুনরায় ইফতারের আয়োজন জাবি শিবিরের

এর আগে, গত ৪ মার্চ সম্মিলিত ইফতারে খাবার সঙ্কটের কারণে অনেক শিক্ষার্থী ইফতার না পেয়েই ফিরে যান। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন নারী শিক্ষার্থী। তাদের ভোগান্তি লাঘব ও সম্মানজনক পরিবেশে ইফতার নিশ্চিত করতেই এই পৃথক আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
ইসলামী ছাত্রশিবির জাবি শাখার ইফতার মাহফিল
ইসলামী ছাত্রশিবির জাবি শাখার ইফতার মাহফিল |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত ইফতার মাহফিলে প্রত্যাশার চেয়ে বেশি উপস্থিতির কারণে খাবার সঙ্কট দেখা দেয়ার পর এবার নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ইফতারের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির জাবি শাখা।

আগামী শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের খেলার মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য এই বিশেষ ইফতারের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে, গত ৪ মার্চ সম্মিলিত ইফতারে খাবার সঙ্কটের কারণে অনেক শিক্ষার্থী ইফতার না পেয়েই ফিরে যান। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন নারী শিক্ষার্থী। তাদের ভোগান্তি লাঘব ও সম্মানজনক পরিবেশে ইফতার নিশ্চিত করতেই এই পৃথক আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

আয়োজকরা জানায়, পূর্ব অভিজ্ঞতার আলোকে প্রায় তিন হাজারের বেশি শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু উপস্থিতি সেই সংখ্যার প্রায় দ্বিগুণ হওয়ায় শেষ মুহূর্তে খাবারের সঙ্কট তৈরি হয়। এবার বিশৃঙ্খলা এড়াতে রেজিস্ট্রেশনের ভিত্তিতে ইফতারের ব্যবস্থা করা হবে। এতে করে সুষ্ঠুভাবে খাবার বিতরণ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন আয়োজকরা। এ ঘটনায় পরবর্তীতে সংগঠনটির পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়।

জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: মাজহারুল ইসলাম বলেন, ‘গত আয়োজনে শিক্ষার্থীদের অভাবনীয় সাড়া আমাদের অভিভূত করলেও খাবারের সঙ্কটে আমরা ব্যথিত। বিশেষ করে আমাদের অনেক বোন ইফতার পাননি। তাই তাদের জন্য সম্মানজনক ও সুশৃঙ্খল পরিবেশে আলাদা এই আয়োজন করা হয়েছে। আমরা চাই না এবার কেউ ইফতার না পেয়ে ফিরে যাক। এজন্যই রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে।’