সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে খেলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরীকে। কমিটির অন্য দুই সদস্য হলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশরাফুল নামে ছাত্রদলের এক কর্মী আহত হন।



