র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২৫তম ও ২৬তম ব্যাচের ৭২ জন শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, গত কয়েক দিনে ক্যাম্পাসের পাশে বিসিএস গলি, কর্ণাই, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় ও আবাসিক মেসে র্যাগিংয়ের খবর পেয়ে তৎক্ষণাৎ উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এ সময় র্যাগিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়ায় প্রতিটি ঘটনায় উপস্থিত ২৫তম ও ২৬তম ব্যাচের শিক্ষার্থীকে শোকজ করে প্রশাসন। শোকজে সাত কর্মদিবসের মধ্যে তাদেরকে ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণ দর্শাতে বলা হয়।
শোকজের নোটিশ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬তম ব্যাচের ২৬ জন ও ২৫তম ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬তম ব্যাচের ২১ জন ও ২৫তম ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫তম ও ২৬তম ব্যাচের একজন করে শিক্ষার্থী রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, ‘র্যাগিংয়ের অভিযোগে প্রায় ৭০ জনের অধিক শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। এখনো শোকজের জবাব পাইনি। অভিযুক্তদের থেকে সন্তোষজনক জবাব না পেলে প্রশাসন এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’



