ভর্তি পরীক্ষা উপলক্ষে নোবিপ্রবি ভিসির মতবিনিময় সভা

আগামী ২৭ মার্চ সি ইউনিট, ৩ এপ্রিল বি ইউনিট ও ১০ এপ্রিল ২০২৬ এ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
ভর্তি পরীক্ষা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল
ভর্তি পরীক্ষা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে গণমাধ্যম কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম ও কনফারেন্স রুমে এসব সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা।

এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেও উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় তিনি আসন্ন ভর্তি পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে নোয়াখালী ও বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। সভায় ভিসি বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ঘিরে আমাদের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নোবিপ্রবি পরিবহন পুলের বাসগুলো প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে চৌমুহনী ও সোনাপুরে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৭ মার্চ সি ইউনিট, ৩ এপ্রিল বি ইউনিট ও ১০ এপ্রিল ২০২৬ এ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।