ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে পরীক্ষার প্রবেশপত্র নেয়ার আগে সেমিনার কার্ডের জন্য ৩০০ টাকা পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। টাকা পরিশোধ না করলে পরীক্ষার প্রবেশপত্র দেয়া হবে না বলে বিভাগীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র নেয়ার আগে সেমিনার কার্ডের জন্য ৩০০ টাকা ৮৮৭৮ নম্বর হিসাবে জমা দিতে হবে। অন্যথায় প্রবেশপত্র দেয়া হবে না। বিভাগের শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিষয়টি জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে প্রবেশের জন্য ৩০০ টাকা দিয়ে ‘সেমিনার কার্ড’ নেয়া কতটা যৌক্তিক, তা বিবেচনা করা প্রয়োজন। কার্ড না করলে প্রবেশপত্র দেয়া হবে না, এমন শর্তও অযৌক্তিক। যেখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কার্ড করতে ১০০ টাকা লাগে।
তারা আরো বলেন, সেমিনার লাইব্রেরির কার্ড কোনোভাবেই অর্থ আদায়ের হাতিয়ার হতে পারে না। শিক্ষার অধিকার কোনো শর্তের কাছে জিম্মি হওয়া উচিত নয়। সেমিনার লাইব্রেরির ব্যবস্থাপনা ব্যয় শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়ে পরীক্ষার প্রবেশপত্র আটকে দেয়ার হুমকির বিষয়টি দুঃখজনক।
এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘প্রতি বছরই ফর্ম ফিলাপের আগে বিভাগ শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায়ের নিত্যনতুন বাহানা বের করে। এতদিন বিভাগীয় জার্নালের নামে ৩০০ টাকা নেয়া হয়েছে। এবার সেমিনার কার্ডের জন্য বাধ্যতামূলক ৩০০ টাকা দিতে হবে। অথচ কেন্দ্রীয় লাইব্রেরিতে কার্ড করতে লাগে ১০০ টাকা।’
তিনি আরো লেখেন, ‘বিভাগের উন্নয়নের জন্য টাকা প্রয়োজন হলে সবাই মিলে দিতে রাজি। কিন্তু সেমিনার কার্ডের জন্য বাধ্যতামূলক ৩০০ টাকা নেয়া ও টাকা না দিলে পরীক্ষার প্রবেশপত্র না দেয়ার হুমকি মেনে নেয়া যায় না।’
আরেক শিক্ষার্থী লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অসহায়ত্বের একটি নমুনা হলো এই নোটিশ। যেখানে কেন্দ্রীয় লাইব্রেরিতে কার্ড করতে ১০০ টাকা লাগে ও কার্ড বাধ্যতামূলকও নয়, সেখানে বিভাগীয় সেমিনার লাইব্রেরির কার্ডের জন্য ৩০০ টাকা দিতে হবে। সেই টাকা পরীক্ষার প্রবেশপত্র জিম্মি করে আদায় করা হবে।’
এ বিষয়ে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান বলেন, ‘এটি অ্যাকাডেমিক সিদ্ধান্ত। সেমিনার মেইনটেন্যান্সের জন্য আমাদের কিছু খরচ আছে। এতদিন এই খরচ তারা দেয়নি। হয়তো আগের চেয়ারম্যানরা বিষয়টি খেয়াল করেননি। আমরা এখন বিভাগকে অন্যভাবে পরিচালনা করতে চাচ্ছি। শিক্ষার্থীদের কল্যাণেই এই টাকা নেয়া হচ্ছে। অন্যথায় সেমিনার লাইব্রেরি বন্ধ হয়ে যাবে।’


