মাভাবিপ্রবি প্রতিনিধি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৮০ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৫৯ জন উচ্চশিক্ষার জন্য শিক্ষাছুটি নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আইন অনুযায়ী, শিক্ষাছুটিতে বিদেশে যাওয়া শিক্ষকদের চার বছরের মধ্যে শিক্ষা কার্যক্রম শেষ করে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে যোগদান করার কথা। তবে অনিবার্য কারণে সর্বোচ্চ এক বছর অতিরিক্ত সময়সহ পাঁচ বছরের মধ্যে কর্মস্থলে ফিরে আসার সুযোগ রয়েছে। কিন্তু এ সময়সীমা অতিক্রম করেও মাভাবিপ্রবির ১৬ জন শিক্ষক এখনো দেশে ফেরেননি।
প্রচলিত আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে যোগদান না করলে শিক্ষাছুটিকালীন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত পাঁচ বছরের বেতন-ভাতা ফেরত দেয়ার বিধান রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ বলেন, ‘সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। যাদের ছুটির মেয়াদ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নোটিশও পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত একজন শিক্ষক দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বেতন-ভাতার অর্থ ফেরত দিয়েছেন। আরো কয়েকজন অর্থ ফেরত দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে অধিকাংশ শিক্ষকের পক্ষ থেকে এখনো কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। তাদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।’



