বাউবির প্রতিষ্ঠাতা ভিসির মৃত্যুতে বর্তমান ভিসির শোক

ড. শমশের আলী বাংলাদেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞান চর্চার জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি একাধারে একজন নিষ্ঠাবান গবেষক, চিন্তাশীল শিক্ষক ও সমাজসেবী।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভিসি
পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভিসি |নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ও পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস প্রফেসর ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে রোববার তাকে জানাজা শেষে দাফন করা হয়।

শোক বার্তায় ভিসি বলেন, ‘ড. শমশের আলী বাংলাদেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞান চর্চার জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি একাধারে একজন নিষ্ঠাবান গবেষক, চিন্তাশীল শিক্ষক ও সমাজসেবী। বিশেষ করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উচ্চশিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়—যা আজ দেশের শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তার দূরদর্শিতা, গবেষণাভিত্তিক চিন্তা, মানবকল্যাণে নিবেদিত সাধনা এবং সর্বজনীন শিক্ষার বিস্তারে অসামান্য অবদান দেশের শিক্ষা ও বিজ্ঞান অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এ অনুপস্থিতি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

ভিসি আরো বলেন, ‘প্রফেসর ইমেরিটাস ড. এম শমশের আলী উন্মুক্ত ও দূরশিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার দূরদর্শী নেতৃত্ব ও অ্যাকাডেমিক দক্ষতায় বাউবি একটি যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থায় পরিণত হয়। তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে উৎসাহিত করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সার্বিক দিকনির্দেশনা দেন। তার অবদান বাংলাদেশে বিকল্প শিক্ষাব্যবস্থার পথপ্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। ড. আলীর মতো একজন মনীষীকে হারিয়ে জাতি একজন সত্যিকারের পথপ্রদর্শককে হারাল। তার অবদান চিরকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।’

ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম মরহুম শমশের আলীর রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া মরহুম অধ্যাপক শমশের আলীর প্রতি শ্রদ্ধা, সম্মান ও সমবেদনা জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

তার জানাজার নামাজ প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং দ্বিতীয় বার ধানমন্ডির ৭ নম্বর সড়কে লেকের পাড় বায়তুল আমান জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়।

ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানাজা শেষে মরহুম ড. শমশের আলীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাউবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত, মো: শামীমসহ সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।