ঈদুল আজহার দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবস্থানরত সকল শিক্ষার্থীদের জন্য ‘ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এদিন সংগঠনটির পক্ষ থেকে পশু কুরবানি দেয়া হবে।
রোববার (১ জুন) জাবি ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘পবিত্র ঈদুল আজহায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার অন্যতম অনুষঙ্গ পশু কুরবানি। ঈদুল আজহার সময়ে অ্যাকাডেমিক বা অন্য কারণে অনেক শিক্ষার্থী হলগুলোতে অবস্থান করে। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন। এদিন ছাত্রশিবিরের পক্ষ থেকে কুরবানি দেয়া হবে।’
এ বিষয়ে ছাত্রশিবিরের জাবি শাখার দফতর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘ঈদের দিন আমরা কুরবানি করব ইনশাআল্লাহ এবং সকল অবস্থানরত শিক্ষার্থীদের জন্য থাকবে একসাথে খাওয়ার একটি সুন্দর আয়োজন।’
এদিকে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘ঈদের আগে আমরা সব হলে গিয়ে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করব এবং সেই অনুযায়ী ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও খাবারের ব্যবস্থা থাকবে।’
শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘ঈদ হলো আনন্দের, ত্যাগের ও মানবিক সহানুভূতির দিন। আমরা চাই, যেসব শিক্ষার্থী পরিবার-পরিজনের সাথে ঈদ না করে ক্যাম্পাসে থাকবে, তারা যেন ক্যাম্পাসেও এক ধরনের পারিবারিক উষ্ণতা ও ভালোবাসা অনুভব করতে পারেন। তাই সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই।’



