রাজধানীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে এবং ফকীহ মুফতি মাওলানা শরিফুল ইসলাম সুলতানী ও ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, মাদরাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক নুর নবী মানিক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাওলানা রফিকুল রহমান মাদানী, স্কলার্স ফোরাম ঢাকার পরিচালক হাফেজ দেলাওয়ার হোসাইন ও ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, দেশের বিভিন্ন সঙ্কট মোকাবিলায় দক্ষ, সৎ ও নৈতিক মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তিনি বলেন, “মাদরাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আদর্শ ও যোগ্য নাগরিক তৈরি করে দেশের বিদ্যমান সঙ্কট কাটিয়ে ওঠা সম্ভব।”
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী পরীক্ষার্থীদের সময়ের সর্বোত্তম ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, “পরীক্ষার বাকি সময়টুকু পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের জন্য গৌরব বয়ে আনতে হবে।”
প্রধান বক্তা নুরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের নৈতিকতা ও মেধার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, “তামিরুল মিল্লাত দীর্ঘদিন ধরে মেধা ও সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। ইসলামী মূল্যবোধ ধারণ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “সফলতার জন্য দৃঢ় সিদ্ধান্ত ও অধ্যবসায়ের প্রয়োজন। সঠিক লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী এগিয়ে গেলে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব।”
গভর্নিং বডির সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, “তামিরুল মিল্লাত শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দেশপ্রেমিক ও সৎ নাগরিক তৈরির অন্যতম কেন্দ্র। শিক্ষার্থীরা এবারও কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মাওলানা আবুল কাসেম গাজী, ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদসহ অন্যান্য শিক্ষক ও অতিথিরা।
আলোচনা সভা শেষে অধ্যাপক ড. মাওলানা রফিকুল রহমান মাদানী পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য এবং দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।



