রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন মেডিক্যাল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, মেরিন একাডেমি এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) লং কোর্সে ভর্তি হওয়ার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’। রোববার (৩১ মে) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৩৪২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন মেডিক্যাল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, মেরিন একাডেমি এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) লং কোর্সে ভর্তি হওয়ার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিএনসিসির একটি চৌকস দল অতিথিদের গার্ড অব অনার প্রদান করে। পরে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এছাড়া ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে প্রকাশিত ‘কোয়াক’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

রাজশাহী কলেজ এবং রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী।

অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থী ফাতেমা সিদ্দিকা, বুয়েটে চান্সপ্রাপ্ত হাসিনুল ইসলাম সৃজন ও তাসনিয়া তিথি এবং দিনাজপুর মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া রাব্বি। এছাড়া বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক ডা. তাহমিনা শামীম তাসু।

বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রাজশাহী কলেজ শিক্ষা বিস্তার ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠান শেষে রাজশাহী কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় সংসদ সদস্য শফিকুল হক মিলন ও জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজশাহী কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক অতিথি অংশগ্রহণ করেন।