বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) চতুর্থ তলায় অবস্থিত ববিসাস কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. রাহাত হোসাইন ফয়সাল এ ফলাফল ঘোষণা করেন।
নয় সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মেহরাব হোসেন (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জাইফ (এনটিভি), দফতর সম্পাদক এনামুল হোসেন (মানবকণ্ঠ), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম হৃদয় (বাংলাদেশ মেইল) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আলিবদ্দিন (ঢাকা টাইমস)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তামজিদ হোসেন মজুমদার (দ্য ডেইলি ক্যাম্পাস) ও তৌফিক হাসান তপু (দ্য ডেইলি সানশাইন)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির, সহকারী অধ্যাপক মো: ফরহাদ উদ্দীন, ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো: জাহিদ হোসেন এবং সাবেক সহ-সভাপতি নাজমুস সাকিব।
নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এবং বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।


