জাপানি ভাষায় বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় ঢাবি শিক্ষার্থী সাদমান

‘তৃতীয় স্থান অর্জনকারী সাদমানের হাতে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তার ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাসী উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।’

দ্বীন মোহাম্মাদ দুখু
সাদমানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি
সাদমানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও রাজবাড়ীর সন্তান সাদমান সিদ্দিকী জাপানি ভাষায় বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাস কর্তৃক আয়োজিত ‘১৭তম জাপানিজ স্পিচ কনটেস্ট ইন বাংলাদেশ’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী সাদমানের হাতে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তার ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাসী উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

সাদমানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক জনতার আদালতের সম্পাদক নুরে আলম সিদ্দিকী ছেলের সাফল্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জাপানি ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ থেকেই সাদমান এ প্রতিযোগিতায় অংশ নেয়। সাদমান ভবিষ্যতে জাপান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বলেও জানান তিনি।

সাদমানের বাবা উৎকণ্ঠা প্রকাশ করে আরো বলেন, ‘বাবাটার সাফল্যে যেমন গর্ব হয়, সেইসাথে শঙ্কাও হয়, কখন জানি আমাদের একা রেখে বিদেশে পাড়ি জমায়।’

এদিকে তার এ সাফল্যে পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

Sadman 1
‘১৭তম জাপানিজ স্পিচ কনটেস্ট ইন বাংলাদেশ’-এর চূড়ান্ত প্রতিযোগিতার প্রতিযোগী ও আয়োজকরা | নয়া দিগন্ত

উল্লেখ্য, বাংলাদেশস্থ জাপান দূতাবাস আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কঠোর বাছাই প্রক্রিয়া শেষে সেরা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। সেখানে সাবলীল ভাষা দক্ষতা, উচ্চারণ, উপস্থাপনা কৌশল এবং বক্তব্যের গভীরতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।