জকসুর কর্মসূচিতে ছাত্রদলের হামলা, ভিপি-জিএস আহত

প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের সময় তাদের বাধা দেয়া হয়। একপর্যায়ে জকসুর প্রতিনিধিদের সাথে ছাত্রদলের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সংশ্লিষ্টদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতাল চত্বরে ছাত্রদলের হামলা
ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতাল চত্বরে ছাত্রদলের হামলা |সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কর্মসূচিতে ছাত্রদলের হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ছাত্রদলের বক্তব্য পাওয়া যায়নি।

এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত শুরু এবং মেডিক্যাল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে ছাত্রদলের হামলার শিকার হন জকসু প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জকসু প্রতিনিধিরা অভিযোগ করেন।

সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, মেডিক্যাল সেন্টারের সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবার উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি প্ল্যাকার্ডে তুলে ধরার উদ্যোগ নেয়া হয়। ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ে আসায় তার সামনে এসব দাবি তুলে ধরতে জকসুর প্রতিনিধিরা প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। তবে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের সময় তাদের বাধা দেয়া হয়। একপর্যায়ে জকসুর প্রতিনিধিদের সাথে ছাত্রদলের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সংশ্লিষ্টদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ সময় তাদের কাছ থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং হামলা চালানো হয়।

পরে এ হামলায় জকসু ভিপি-জিএস ও সাংবাদিকসহ আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলার শিকার হন।

জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ খবর জানান।