রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইবির ৪৪ শিক্ষক, তদন্তে ৫ সদস্যের কমিটি

মঙ্গলবার রাতে এশিয়া পোস্ট-এ ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১২ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি এশিয়া পোস্টে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষককে নিয়ে প্রকাশিত প্রতিবেদন তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক মো: ইসরাফুল হককে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী ড. সাজ্জাত হোসেন।

এছাড়া কমিটির কার্যপরিধিতে ‘এশিয়া পোস্ট’-এ প্রকাশিত ইবির শিক্ষকরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হুমকি প্রদানে লিপ্ত ছিলেন কি-না তা অনুসন্ধানের বিষয়টি উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে এশিয়া পোস্ট-এ ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই প্রতিবেদন তদন্তের উদ্যোগ নিয়েছে।