বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সারাদেশে ১৭০টি কেন্দ্রে একযোগে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আজ শুরু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
বাউবি সূত্রে জানা গেছে, পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভিসি কেন্দ্র পরিদর্শনকালে বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন একটি ইতিবাচক দৃষ্টান্ত। শিক্ষার্থীদের শুধু সনদ প্রদান নয়, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।
বাউবি’র এ পরীক্ষায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এক অনন্য চিত্র ফুটে উঠেছে। রংপুর আঞ্চলিক কেন্দ্রের অধীন পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বাউবি কর্তৃপক্ষ তাদের জন্য কোর্স ফি ৬০ শতাংশ মওকুফ করায় তারা মূলধারার শিক্ষায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
ভিসি জানান, ভবিষ্যতে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও তাদের জন্য আরো সুযোগ তৈরি করা হবে।
একই দিনে বাউবি’র গাজীপুর মূল ক্যাম্পাসে চার বছর মেয়াদি বিভিন্ন স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুল অব ল পরিচালিত এলএলবি (অনার্স) প্রোগ্রামে ১,৩৭৬ জন এবং বিএ ও বিএসএস (অনার্স) প্রোগ্রামে ১,০৯০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষাগুলো যথাক্রমে সকাল ও দুপুরে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাসস



