রামিসা হত্যাসহ নারী-শিশু নির্যাতন প্রতিরোধ ও ন্যায়বিচারের দাবিতে ববিতে মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদসহ দেশজুড়ে চলমান নারী ও শিশুদের ওপর সহিংসতা-নিপীড়ন প্রতিরোধ এবং দ্রুত ন্যায়বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়

Location :

Barishal
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন |নয়া দিগন্ত

শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদসহ দেশজুড়ে চলমান নারী ও শিশুদের ওপর সহিংসতা-নিপীড়ন প্রতিরোধ এবং দ্রুত ন্যায়বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ‘বিশ্ববিদ্যালয় সংগঠক গ্রুপ’-এর আয়োজনে এবং সব সামাজিক সংগঠনের সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে এসব অপরাধ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার এবং দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী প্রক্টর ড. মো: গাজী সাখাওয়াত হোসেন সংহতি প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বেলাল বলেন, ‘আমরা প্রশাসন ও সরকারকে বলতে চাই- যার যে কাজ, তাকে দায়িত্ব নিয়ে সেটাই করতে হবে। নতুন সরকার গঠন হয়েছে বলেই আমরা এতদিন শান্ত ছিলাম, সময় দিয়েছি, রাস্তায় আসিনি। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে এই নীরবতা ভাঙবে। আমরা আর কোনো হত্যা, আর কোনো অন্যায় দেখতে চাই না। রামিসাসহ দেশজুড়ে যতগুলো নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, সবগুলোর দ্রুত বিচার করতে হবে।’

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) সভাপতি মো: মেহেদী হাসান সোহাগ বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরো ভয়ংকর করে তোলে। তাই শুধু অপরাধীদের গ্রেফতার করলেই হবে না, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। আমাদের সংবিধান মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তার কথা বলে। কিন্তু বাস্তবে যদি আমাদের মা-বোনেরা ও শিশুরা নিরাপদ না থাকে, তবে এই আইন ও বিচারব্যবস্থাকে আরো কার্যকর ও সময়োপযোগী করার প্রয়োজন রয়েছে। আজকের এই আন্দোলন একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার দাবি। আমরা রামিসার বিচার চাই, আমরা সব নারী ও শিশুর নিরাপত্তা চাই।’

মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী প্রক্টর ড. মো: গাজী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি আজ এখানে প্রশাসনের প্রতিনিধি হিসেবে নয়, বরং এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী এবং একজন সচেতন নাগরিক হিসেবে নিজের নৈতিকতা থেকে দাঁড়িয়েছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- আপনি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দেশে একটি নতুন ও কঠোর দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের জন্য একটি নিরাপদ সমাজ ও আইনের শাসন নিশ্চিত করুন। আমরা আর বিচার চেয়ে রাস্তায় আসতে চাই না। কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা ও অরাজকতা আমাদের কাম্য নয়।’