বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।
সহকারী সচিব মো: সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদারকে ভিসি পদে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ (যেটি আগে হবে) পর্যন্ত ভিসির দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ভিসিকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত। মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি ‘জাতীয় মৎস্য পদক ২০২৬’ (স্বর্ণপদক) অর্জন করেন।
এ ছাড়া তিনি ২০২৪ সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। সর্বশেষ গত ২০ আগস্ট তাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেয়া হয়। সেই দায়িত্বে থাকা অবস্থাতেই এবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদ ভিসি হিসেবে নিয়োগ পেলেন তিনি।



