দেশের সব মাদরাসায় শিক্ষার্থীদের জন্য দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন আবশ্যিক বা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
তরুণ যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ নির্দেশনা জারি করা হয়।
সোমবার (৬ জুলাই) অধিদফতরের এক আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। এ লক্ষে মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন সকল মাদরাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন করবেন এবং এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।
আদেশে আরো বলা হয়, যে সকল মাদরাসায় বর্তমানে সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদটি শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী যেকোনো শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দিতে হবে। একইসাথে ওই সকল শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য দেশের সকল সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং এবতেদায়ী প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। বাসস


