জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে আবাসিক হল ও অনুষদে ৩০টি অগ্নিনির্বাপণ যন্ত্র প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা নিশ্চিত করতে আবাসিক হল ও বিভিন্ন অনুষদে ৩০টি অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে আবাসিক হল ও অনুষদে ৩০টি অগ্নিনির্বাপণ যন্ত্র প্রদান
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে আবাসিক হল ও অনুষদে ৩০টি অগ্নিনির্বাপণ যন্ত্র প্রদান |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা নিশ্চিত করতে আবাসিক হল ও বিভিন্ন অনুষদে ৩০টি অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অগ্নিনির্বাপণ যন্ত্র হস্তান্তর করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের জন্য ২১টি, বিভিন্ন অনুষদ ও বিভাগের জন্য ৮টি এবং মেডিক্যাল সেন্টারে ১টিসহ মোট ৩০টি ফায়ার এক্সটিংগুইশার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিবিরের জাবি শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে টিউশন, চিকিৎসাসেবা, স্কলারশিপসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে ছাত্রশিবির। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের হল, অনুষদ ও মেডিকেল সেন্টারে ফায়ার এক্সটিংগুইশার প্রদান করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সম্প্রতি নতুন কলা ভবনের দর্শন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি স্পষ্ট হয়েছে। একটি ছাত্রসংগঠন হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’

একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্যাম্পাসের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

ছাত্রশিবিরের জাবি শাখার প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান বলেন, ‘সংগঠনের পাঁচ দফা কর্মসূচির অন্যতম হলো ছাত্র সমস্যার সমাধান। এ লক্ষ্য বাস্তবায়নে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান, মেডিকেল ক্যাম্প আয়োজন, ক্রীড়াসামগ্রী বিতরণ, সাইকেল পাম্প স্থাপন, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল ও বিভিন্ন অনুষদে অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’