ইবিতে ক্যারিয়ার গাইডেন্স ও ফিউচার প্ল্যানিং বিষয়ক প্রোগ্রাম

সাহাবায়ে কেরাম (রা.) দাওয়াহর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, দানশীলতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উম্মাহর নেতৃত্ব দিয়েছেন। তাদের আদর্শ অনুসরণ করে বর্তমান প্রজন্মকেও সমাজ ও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখতে হবে।

Location :

Kushtia

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড ফিউচার প্ল্যানিং’ শীর্ষক বিশেষ অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের ৪০১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ। প্রধান আলোচক ছিলেন এনেক্স ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগের সাবেক শিক্ষার্থী মো. কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মানজুরুর রহমান। এ ছাড়া বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান, অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ, অধ্যাপক ড. মো. গোলাম মাওলা, অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. হুসাইন আহমাদ, অধ্যাপক ড. মুহাম্মদ মাসউদ আল মাহাদীসহ বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক মো. কুতুব উদ্দিন বলেন, কুরআন-হাদিসের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের হালাল ব্যবসা, নেতৃত্ব ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, সাহাবায়ে কেরাম (রা.) দাওয়াহর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, দানশীলতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উম্মাহর নেতৃত্ব দিয়েছেন। তাদের আদর্শ অনুসরণ করে বর্তমান প্রজন্মকেও সমাজ ও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে নৈতিকতা ও কর্মসংস্থানের সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দা'ওয়াহ বিভাগের শিক্ষার্থীরা ফিকহুল মুয়ামালাত, নৈতিকতা ও নেতৃত্ববিষয়ক জ্ঞান কাজে লাগিয়ে হালাল উপার্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ জন্য তিনি শিক্ষার্থীদের ইলম অর্জনের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা, দানশীলতার চর্চা এবং সমাজকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।