জাবি প্রতিনিধি
'জাবির আঙিনায় ফলের ঘ্রাণ, ছাত্রদলের উৎসবে আসুক প্রাণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে আম, কাঁঠাল, লটকন, আনারসসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করে জাবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল উৎসবের মতো আয়োজন সেই সহাবস্থানকে আরো সুদৃঢ় করে।
তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের উদ্যোগের মাধ্যমে সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার লক্ষ্যেই ছাত্রদল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। ফল উৎসবের উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করা।
জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম শাওন বলেন, ছাত্রদলের এ আয়োজন সহাবস্থানের রাজনীতির একটি ইতিবাচক উদাহরণ। বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের আমন্ত্রণ ও আন্তরিক আতিথেয়তার জন্য তিনি আয়োজকদের প্রশংসা করেন।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া বলেন, নতুন শিক্ষার্থী হিসেবে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন তাদের কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।



