ঈদযাত্রায় জবি শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বিনামূল্যে বাস সুবিধা

ঢাকা থেকে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল করবে। শিক্ষার্থীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শনপূর্বক বাসে উঠতে হবে।

নুর আলম, জবি সংবাদদাতা
জবির লাল বাস
জবির লাল বাস |নয়া দিগন্ত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এ উদ্যোগের আওতায় দেশের বিভাগীয় শহরমুখী রুটে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সুবিধা দেয়া হবে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত নির্ধারিত রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নিজস্ব বাস চলাচল করবে। বাসগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করবে এবং নির্ধারিত বিভিন্ন স্টপেজে শিক্ষার্থীদের নামিয়ে দেবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা থেকে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল করবে। শিক্ষার্থীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শনপূর্বক বাসে উঠতে হবে। ঈদযাত্রায় অতিরিক্ত ভোগান্তি কমাতে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, ‘অনেক শিক্ষার্থী আর্থিক ও পরিবহন সঙ্কটের কারণে ঈদযাত্রায় সমস্যায় পড়েন। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করেছি। আশা করছি শিক্ষার্থীরা উপকৃত হবে।’

পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘প্রতিটি রুটে শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করেই বাসের সময়সূচি ও গন্তব্য নির্ধারণ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি যেন যাত্রাপথে শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পরিবারের কাছে ফিরতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করে আসছে। এই বিশেষ বাস সার্ভিস তারই অংশ।’