আগামী মাসে কুষ্টিয়া সফরকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে এটাই হবে তার প্রথম ইবি সফর। তার এ সফরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ১০ তলা আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসিক হল ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করার কথা রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
জানা যায়, সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন ভিসি। একইসাথে ইসলামী বিশ্ববিদ্যালয় সরাসরি পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।
ভিসি সাংবাদিকদের বলেন, ‘আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রীর কুষ্টিয়া জেলা সফর নির্ধারিত রয়েছে। এ উপলক্ষে স্বাধীন বাংলাদেশের প্রথম এই বিশ্ববিদ্যালয়ে সরাসরি সফরে এসে নবনির্মিত শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনের অনুরোধ জানালে তিনি সম্মতি প্রকাশ করেছেন। আশা করছি, কুষ্টিয়া সফরকালে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি উপস্থিত থেকে হলটির শুভ উদ্বোধন করবেন।’
এ সময় ভিসি ড. মতিনুর রহমান তার স্বরচিত কয়েকটি বই প্রধানমন্ত্রীর হাতে সৌজন্য উপহার হিসেবে তুলে দেন। এছাড়া প্রধানমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার ব্যাপারেও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ২২ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কুষ্টিয়া-ঝিনাইদহের সীমানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্বাধীনতার পর প্রতিষ্ঠিত দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি উচ্চশিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষার প্রসারে তৎকালীন সরকার বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠিত সেই ঐতিহাসিক ক্যাম্পাসেই এবার প্রথমবারের মতো পরিদর্শনে আসছেন জিয়াপুত্র তারেক রহমান।



