পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্যরা। এ সময় তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুল কাইয়ুম চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুবিসাসের সদস্য, সহযোগী সদস্য ও জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী মাসাবির সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কেবল একটি পেশাজীবী গোষ্ঠীর ওপর আঘাত নয়; এটি স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি হুমকি।
দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানছুর আলম অন্তর বলেন, ‘গত ২৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দের ওপর যে হামলা চালানো হয়েছে, তা একটি কাঠামোগত সহিংসতা। যার জন্য রাষ্ট্র নিজে দায়ী। এসব হামলার শুরুতে ক্ষমতাসীন দলের ছাত্র নেতারা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি-ধামকির মাধ্যমে এক ধরনের সম্মতি উৎপাদন করে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতা এসব হামলাকে বৈধতা দান করে। তাই আমরা বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে দাবি জানাই, তারা যেন ঢাবিসাস ও কুমিল্লা পলিটেকনিকসহ বিভিন্ন সময়ে হামলার শিকার হওয়া সাংবাদিকদের পাশে দাঁড়ায় এবং অন্যায়কারীদের শাস্তি প্রদান করে।’
এ সময় কুবিসাসের সভাপতি ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা চর্চা বাধাগ্রস্ত হবে। আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, সাংবাদিকদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। আর যারা হামলা করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় আমরা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’



